জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে লিখেছেন ‘চরিত্রের প্রয়োজনে’। সেই ছবিগুলোতে দেখা যায় বৃদ্ধ এক বাপ্পিকে। বয়সের ভারে কুচকে যাওয়া কপাল। মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় পাকা চুল। বাপ্পি জানান, চরিত্রের প্রয়োজনেই তিনি এই নতুন লুক ধারণ করেছেন। আর বাপ্পির এই লুক দেখা যাবে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’তে। এই সিনেমায় বাপ্পির নায়িকা অপু বিশ্বাস। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করলেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী।
জয় জানান, টানা ১৮ দিন শুটিংয়ের মাধ্যমে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবির শুটিং শেষ হয়েছে ২৯ নভেম্বর, রবিবার।
বাপ্পী-অপু দুজনেই জানালেন, তারা আগামী সপ্তাহ থেকে ‘প্রিয় কমলা’ ছবির ডাবিংয়ে অংশ নেবেন। বিজয়ে দিবসে ছবিটি মুক্তি পাবে।
বাপ্পী চৌধুরী বলেন, দিনরাত এককরে শুটিং করেছি। ইমপ্রেস টেলিফিল্ম ও জয় ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। গল্পটা একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
‘প্রিয় কমলা’ ছবিতে অপু বিশ্বাস একজন বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেছেন। এ ধরনের চরিত্র নিয়ে এবারই প্রথম দর্শকদের সামনে আসছেন ঢালিউডের শীর্ষ এ নায়িকা। তিনি বলেন, প্রত্যেক বীরাঙ্গনা একেকজন যোদ্ধা। দেশ স্বাধীন হতে তাদের অবদান কম নয়। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। এটাকে আমার ক্যারিয়ারে অন্যতম অর্জন মনে করছি।
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় পরিচালিত তৃতীয় ছবি ‘প্রিয় কমলা’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ ছবিটি নিয়ে জয় বলেন, যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটোল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় এবং দুপক্ষ তৈরি হয় সেটি তুলে ধরেছি ‘প্রিয় কমলা’ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি এ ছবিতে।
শাহরিয়ার নাজিম জয়ের কাহিনি চিত্রনাট্য সংলাপে বাপ্পী-অপু বিশ্বাস ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান, মালা প্রমুখ। ছবিতে থাকছে দুটি গান। একটি রবীন্দ্র সংগীত অন্যটি লিখেছেন ফরিদুর রেজা সাগর।
পাঠকের মন্তব্য: