আবু ত্বহা আদনান নিখোঁজ ও উদ্ধার, রংপুরে আলোচিত ছিল যত ঘটনা

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ০১:৪১ এএম
হাসান আল সাকিব, রংপুর থেকে: দরজায় কড়া নাড়ছে নতুন ইংরেজি বছর। ঘটনাবহুল আরেকটি বছরের সমাপ্তির দোরগোড়ায় রংপুরবাসী। বিদায়ী এ বছরে নানান ঘটনার সাক্ষী হয়ে আছে রংপুর। এমনকি রংপুরের কয়েকটি ঘটনা দেশবাসীকেও নাড়া দিয়েছে।পীরগঞ্জের হিন্দুপল্লীতে আগুন, বছর জুড়ে করোনা, মাদকসেবির হাতে পুলিশের এএসআই নিহত, পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ, বেগম রোকেয়া বিশ্বদ্যিালয়ের সাবেক ভিসির বিদায়-আলাচনায় আসেন নতুন ভিস, ইসলামি বক্তা আবু ত্বহা আদনানা নিখোঁজ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন এবং সেই সঙ্গে কয়েক দফা বন্যায় বিপর্যস্ত ছিল উত্তরের জনপদ। আর এসব কারণে আলোচিত-সমালোচিত ও নানান ধরনের ইতিবাচক-নেতিবাচক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কেটে গেল ২০২১ সাল। রংপুরে ঘটে যাওয়া উলে­খযোগ্য ঘটনাগুলো সংক্ষেপে তুলে ধরা হলো- বছর জুড়ে করোনা ভাইরাস আতঙ্ক: বছরের শুরুতেই মার্চ মাস থেকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। অফিস, আদালত, স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ঘরবন্দি হয়ে পড়েন মানুষ। সারাদেশের মতো লকডাউন, কোয়ারেন্টাইন আর আইসোলেশনে আবারো এক সংকটের মুখোমুখি হয়ে পড়েন দেশের অন্যান্য এলাকার মত রংপুরের মানুষ। করোনায় আক্রান্ত হয়ে চিরদিনের মত হারিয়ে যান অনেকেই। রংপুর বিভাগে করোনায় ফিরে দেখো পরিসংখ্যন হলো- করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৩৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩২৫ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯৩ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬৩ জন মারা গেছে গাইবান্ধায়। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৫০ জন, নীলফামারীতে ৮৮ জন, পঞ্চগড়ে ৮০ জন, কুড়িগ্রামে ৬৮ জন ও লালমনিরহাটে ৬৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৮১ হাজার ৮৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৯৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮২৫ জন। মাদকসেবীর হাতে এএসআই নিহত: গত ২৫ সেপ্টেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের সাহেবগঞ্জে মধ্যরাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে। এ সময় পলাশ তাঁর কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুত্বর আহত হন। জরুরি ভিত্তিতে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল।সেখানেই তিনি মারা যান। পীরগঞ্জ হিন্দু পল্লীতে আগুন: পবিত্র কাবা শরিফ এবং ইসলাম ধর্মকে অবমাননা করে ফেসবুকে পোষ্ট দেয়ার অভিযোগে গত ১৭ অক্টোবর রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রামটির ১৫ পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে যায়। সব মিলিয়ে অন্তত ৫০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছিল। হামলাকারীরা গরু-ছাগল ও টাকা নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনায় মাঝিপাড়া গ্রামে সংঘটিত সহিংসতার ঘটনায় চারটি মামলা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিনটি মামলা এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে। এতে মোট ৭০ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে প্রথম দফায় ৩৭ এবং দ্বিতীয় দফায় আরও ১৩ জন আসামির তিন দিনের রিমান্ড পেয়েছিল পুলিশ। নবনির্মিত মেরিন একাডেমির উদ্বোধন: রংপুরের পীরগঞ্জে নবনির্মিত মেরিন একাডেমির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় একশ কোটি টাকা ব্যয়ে এ একাডেমি নির্মিত হয়েছে। গত ২০২০ সালের জানুয়ারিতে রংপুর মেরিন একাডেমির শিক্ষাকার্যক্রম শুরু হয়। তবে উদ্বোধন বিলম্বিত হওয়ায় ভর্তি হওয়া ক্যাডেটরা বর্তমানে চট্টগ্রাম মেরিন একাডেমিতে রয়েছেন। ২০২১ সালের বৃহস্পতিবার (০৬ মে) বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর মেরিন একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার অবকাঠামো ও জলযানের উদ্বোধন করা হয়। অন্যদিকে নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রংপুর মেরিন একাডেমি সরকারের রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ অনুযায়ী মানবসম্পদ উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। নবসৃষ্ট অবকাঠামো ও জলযান নদীর নাব্যতা রক্ষা, নৌ-পথের উন্নয়ন, উপকূলীয় এলাকার যাত্রী পরিবহন ও দক্ষ নৌ-কর্মী গঠনে ব্যাপক ভূমিকা রাখবে। পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের ফলির বিল এলাকায় ২০১২ সালের জুলাই মাসে রংপুর মেরিন একাডেমির নির্মাণকাজ শুরু হয়। এ প্রকল্পের কাজ ২০১৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রেট শিডিউল বিপর্যয়ের কারণে দুবার সয়মসীমা বাড়িয়ে ২০২০ সালে জুন মাস পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এতে নির্মাণব্যয় ধরা হয়েছিল একশ কোটি টাকা। প্রকল্পটি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হয়েছে। দশ একর জমির ওপর নির্মিত রংপুর মেরিন একাডেমিতে শিক্ষা ভবন ছাড়াও প্রশাসনিক ভবন, প্যারেড গ্রাউন্ড, ডরমেটরি ভবন, সাতটি আবাসিক ভবন, মসজিদ, অত্যাধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুলসহ ৩৫টি অবকাঠামো রয়েছে। অত্যাধুনিক প্রশিক্ষণ ভবনের পাশাপাশি একটি দৃষ্টিনন্দন পুকুর রয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে বিশাল সোলার প্যানেল। আবু ত্বহা আদনান নিখোঁজ ও উদ্ধার: আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গত ১০ জুন বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ হন। তার স্ত্রী সাবেকুন নাহার জানান, তিনি এদিন দুপুরে রংপুর থেকে ঢাকায় রওনা হয়েছিলেন। তার সঙ্গে নিখোঁজ হন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন। আদনানের নিখোঁজ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসে ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ে ব্যাপক আলোচিত ঘটনায় পরিণত হয়। নিখোঁজের আটদিন পর আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তার রংপুরে ফিরে শ্বশুর বাড়িতে অবস্থান করেন। পরে পুলিশ তাকে সেখান থেকে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে সেখান থেকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেন পুলিশ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমগুলো বেশ সরগরম থাকে। দফায় দফায় বন্যায় বিপর্যস্ত রংপুরের ৫ জেলা: জুনের ২য় সপ্তাহ থেকে শুরু হয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৪/৫ দফা বন্যায় ব্যাপক বিপর্যস্ত হয়ে পড়েন নদী তীরবর্তী এলাকাসহ নিম্নাঞ্চলের মানুষ। দফায় দফায় বন্যায় নষ্ট হয়ে যায় কৃষকের ঘাম ঝরানো ফসল। নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যায় ঘরবাড়ি, ভেসে যায় পুকুরের মাছ। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন রংপুরসহ ৫ জেলার মানুষ। করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই বন্যার করাল থাবা নিঃস্ব করে দেয় নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে। স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এএসআই গ্রেপ্তার: রংপুরে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগর ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজুকে ২৮ অক্টোবর রাতে গ্রেপ্তার করে পিবিআই। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর আসামি আবুল কালাম আজাদ ও বাবুল হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধষর্ণের কথা স্বীকার করেন। এছাড়া ধর্ষণে সহযোগিতার অভিযোগে গ্রেফতার ভাড়াটিয়া বাড়ির দুই নারী মেঘলা ও সুরভীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। নাপিতের সঙ্গে গাইনি চিকিৎসকের বিয়ে: একজন নাপিতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ঘর ছেড়ে পালিয়ে যান গাইনি চিকিৎসক। ওই চিকিৎসকের বাবার করা অপহরণ মামলায় ২১ মাস পর সন্তানসহ গাইনি চিকিৎসককে উদ্ধার করে সিআইডি। আর মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রেমিক রফিকুল ইসলাম বাপ্পীকে জেলহাজতে পাঠানো হয়। গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর তোলপাড় শুরু হয়। প্রাপ্তবয়স্ক দুই নারী-পুরুষের প্রেম ও বিয়ের ঘটনা গণমাধ্যমকে ডেকে তুলে ধরায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা ঝড় বইতে থাকে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে। পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ: গত ১ নভেম্বর রংপুরের হারাগাছের বছি বানিয়া এলাকা থেকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাজুল ইসলামকে নামে একজনকে গাঁজাসহ আটকের দাবি করে পুলিশ। এ সময় তিনি ভয়ে জ্ঞান হারান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাজুলের। সে ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে থানা ঘেরাও করে স্থানীয় লোকজন। এর প্রতিবাদে রংপুর-হারাগাছ সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে তারা হারাগাছ থানা ঘেরাও করে। রংপুর মেডিকেলে আগুন: ২০ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই হাসপাতালের কয়েকটি শয্যা ও ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়। বছর জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দু বেরোবি: ২০২১ সালের প্রায় পুরোটাই জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। করোনার কারনে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিম উল্যাহর অবৈধ নিয়োগ, গোপন সিন্ডিকেট সভা, দিনের পর দিন অনুপস্থিতি, পেছনের দরজা দিয়ে ক্যাম্পাস ত্যাগের ঘটনা, অবাঞ্চিত ঘোষণা, ঢাকায় বসে অফিস করাসহ একের পর এক ঘটনা, ভিসির মেয়াদ শেষ, কে হবেন বেরোবির নতুন ভিসি এসব নিয়েই বছর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৯ জুন ড. মো. হাসিবুর রশীদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। নতুন বছরে নতুন ভিসি বেরোবিকে তার কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যাওয়ার প্রত্যয়ে নিবেদিত হবেন ছাত্র/ছাত্রী ও শিক্ষকসহ রংপুরবাসীর এমনটাই প্রত্যাশা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: