গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় আজ শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক রাকিবুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে, বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আগুনে শরীয়তপুর জেলার আরব আলী ও কামালের ৪টি করে এবং শেরপুরের ফরহাদের ৪টি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় ঘরগুলো খালি থাকায় কোনো প্রাণহানি ঘটেনি।
ক্ষতিগ্রস্ত শ্রমিক তানিয়া জানান, তিনি কর্মস্থলে থাকাকালীন আগুন লাগার খবর পান। তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি ওই বসতঘরে বসবাস করতেন। আগুনে তার ঘরের সব আসবাবপত্র, কাপড় পুড়ে গেছে।
গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সিনহা ও শরিফুল ইসলাম শরিফ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর