বেনাপোলে বিজিবি-র অভিযানে ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে 'মাগুরা কার্গো সার্ভিস'-এর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) থামিয়ে তল্লাশিকালে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
ট্রাকটি আটকের পর তল্লাশিকালে ১,৪৭৬টি ভারতীয় শাড়ি, ২১৫টি থ্রি-পিস, ১০,৬৯৩ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ, ৭৪,৪৫৫টি কসমেটিকস সামগ্রী এবং ২টি মোটরসাইকেলের টায়ার উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকের চালক ও হেলপারকে আটকসহ পণ্য ও ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন মাগুরা সদর থানার হাজী রোড কলেজ পাড়া গ্রামের নাদের মোল্যার ছেলে আঃ মালেক (৪৬) ও শিবরামপুর পাড়া গ্রামের শুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের মোঃ বাবুলের ছেলে মোঃ বিল্লাল (৩২) তাঁদের সঙ্গে ২০ হাজার টাকায় চুক্তি করে এসব মালামাল বেনাপোল থেকে ঢাকার মিরপুরে নিয়ে যাচ্ছিল।
আটককৃত মালামাল ও ট্রাকসহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, "আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় পণ্যের চাহিদা থাকায় চোরাচালানচক্র সক্রিয় হয়ে উঠেছে। তবে সীমান্তে বিজিবি-র নজরদারি ও আভিযানিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে, যাতে চোরাকারবারীরা কোনোভাবেই সফল হতে না পারে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর