বগুড়ার শেরপুরে কাঁচাবাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিন বাজারে গিয়ে ক্রেতাদের হাতে গোনা কিছু পণ্য কেনা ছাড়া উপায় থাকছে না।
শুক্রবার শেরপুর উপজেলার রেজিস্ট্রি অফিস বাজার, শেরুয়া বটতলা, কয়েরখালীসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজির দামে আগুন লেগেছে। বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা, কাঁচা মরিচ ৩২০ টাকা, পটল ৬৫ টাকা, শিম ১৬০ টাকা, ফুলকপি ১৩০ টাকা, কচু (কদর) ৬০ টাকা এবং শশা ৮০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা কেজি দরে।
এদিকে মানুষের সাধ্যের মধ্যে তুলনামূলকভাবে কিছুটা স্বস্তির জায়গা হচ্ছে আলু ও পেঁয়াজ। আলু ২৫ টাকা কেজি দরে এবং পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতা সোলাইমান, আকবর, রবিউল ইসলামসহ অনেকে অভিযোগ করে বলেন, প্রতিদিনই সবজির দাম বাড়ছে। এখন আর সাধ্যের মধ্যে কিছু কেনা সম্ভব হচ্ছে না। সংসার চালাতে হিমশিম খাচ্ছি।
অন্যদিকে ব্যবসায়ী মিলন, কোরবান আলীর দাবি, বৃষ্টি বেশি হওয়ায় গাছ মরে যাচ্ছে। বাজারে সরবরাহ সংকটের কারণে সবজির দাম বেড়েছে। তবে শিগগিরই দাম কিছুটা স্বাভাবিক হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।
কাঁচাবাজার আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, বগুড়ার বৃহত্তর সবজির মোকাম মহাস্থান হাটে আমদানি কম। পাইকারি বাজারে সরবরাহ সংকটের কারণে সবজির দাম বেড়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর