রাজধানীর গুলিস্তানে অবস্থিত খদ্দর বাজার সুপার কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আটতলা বাণিজ্যিক ভবনটিতে আগুন লাগে। আগুনের সূত্রপাতের পর মুহূর্তের মধ্যেই ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার পর নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি বুঝে সবাই দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় এবং পরিস্থিতি অনুযায়ী আরও ইউনিট যুক্ত করা হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বাণিজ্যিক ভবনটির ছাদের ওপরে থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, এলাকাটি ঘিঞ্জি হওয়ায় এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে কিছুটা বেগ পেতে হয়। তবে কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সাজু/নিএ
সর্বশেষ খবর