চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী শনিবার (৩১ অক্টোবর)। ওই দিন বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। পরে স্থান পরিবর্তন করে সচিবালয়ে নির্ধারণ করা হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে তাঁদের মধ্যে বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
যেভাবে জানা যাবে ফল
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া অনলাইনে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
ফল জানতে ভিজিট করুন—
- এডুকেশন বোর্ড রেজাল্টস: educationboardresults.gov.bd
- এডু বোর্ড রেজাল্টস: eduboardresults.gov.bd
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে `HSC` লিখে একটি স্পেস দিতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: `HSC Dha 123456 2026` লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
শিক্ষা এর সর্বশেষ খবর