কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে ব্যক্তিগত গাড়িও ভাঙচুর হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ শেষে ফেরার পথে শনিবার দুপুরে জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শিবিরের সভাপতি রিফাত সানি, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলায়মান চৌধুরী, তাঁর গাড়িচালক মামুন, জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াতের সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন রকি, জামায়াত নেতা জাকারিয়া রাসেল, মিঠু এবং জামাল। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন জানান, সমাবেশ থেকে ফেরার পথে জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর এলাকায় বিএনপির সন্ত্রাসীরা জামায়াত নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শিবিরের উপজেলা দক্ষিণ সভাপতি ও ইউনিয়ন জামায়াতের নেতাসহ অন্তত ৭ জন নেতাকর্মী আহত হন।
তবে, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলেমান চৌধুরী জানান, জনসভা শেষে ফেরার পথে জামায়াত নেতাকর্মীরা উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মিজান খানের বাড়িতে হামলা করে। তাদের অতর্কিত হামলায় তিনি নিজে, একাধিক মহিলা ও গ্রামের অনেকেই আহত হন। এ সময় ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ কাউসার হোসেন জানান, বিএনপি-জামায়াতের সংঘর্ষের খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুশল/সাএ
সর্বশেষ খবর