শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় অটোচালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা বাজার এলাকার বাইটকামারী জোড়া ব্রিজ সংলগ্ন স্থানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের মিরাজ আলীর ছেলে আটোচালক আরিফ হোসেন (২০) ও অটোযাত্রী পাশ্ববর্তী এলাকা ধনাকুশা গ্রামের মন্নাফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০)।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যাত্রী শফিকুল ইসলামকে নিয়ে অটোচালক আরিফ হোসেন নালিতাবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় মহাসড়কের উন্নয়ন কাজের জন্য সড়কের পাশে পাথর স্তুপ করে রাখা ছিল। রাস্তা সংকুচিত হওয়ায় ঘটনাস্থলে অটোরিকশাটি পৌঁছলে বিপরীত দিক আসা একটি ট্রাককে সাইড দেওয়ার চেষ্টা করলেও ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোচালক আরিফ হোসেন ও যাত্রী শফিকুল ইসলাম মারা যান। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। একইসাথে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর