• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
শেখ সাদী ভূইয়া
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৫ দুপুর

গণভোটের প্রচারণায় যবিপ্রবিতে আলী রীয়াজসহ থাকবেন ১১ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আগামী সোমবার ২ ফেব্রুয়ারি ‘গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। এছাড়া যবিপ্রবিসহ দেশের মোট ১১টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি যবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি), প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার ও ডিনগণ উপস্থিত থাকবেন। এছাড়াও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থীদের অভিভাবক এবং আহত শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন করে প্রতিনিধি সভায় অংশগ্রহণ করবেন।

ইউজিসির বিজ্ঞপ্তির অনুলিপি ও বিতরণ তালিকা অনুযায়ী, মোট ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, গণভোট সংক্রান্ত এই মতবিনিময় সভাটি মূলত সরকারের একটি জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম। এটি ইউজিসির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে। এখানে সরকার, ইউজিসি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং সার্বিক তত্ত্বাবধানের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]