• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৩ রাত

গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচার কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী আন্দোলনের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশের ৮ বিভাগীয় শহরে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে ’২৪ এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী আন্দোলন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির সভাপতি রিফাত রশীদ ‘হ্যাঁ’কে জয়ী করা সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় জবাবদিহির অভাব, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের রাজনীতিতে অংশগ্রহণ এবং দায়িত্বশীলদের বিতর্কিত বক্তব্য রাষ্ট্রকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করা এখন সময়ের দাবি।’

রিফাত রশীদ আরও বলেন, ‘জুলাই-পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ ঐতিহাসিক লড়াই ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে অর্জিত এই রাষ্ট্র বারবার সংকটে পড়েছে কিছু গোষ্ঠীর ক্ষমতালোভ ও স্বার্থান্বেষী রাজনীতির কারণে। সাধারণ মানুষ রক্ত দেয়, আর সেই রক্তকে পুঁজি করে ফায়দা লুটে নির্দিষ্ট একটি শ্রেণি।’

তিনি আরও বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ভবিষ্যৎ সরকারকে সংস্কারে বাধ্য করার কোনো নৈতিক বা রাজনৈতিক ভিত্তি থাকবে না। তাই আগামীর লড়াইকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে ‘হ্যাঁ’ ভোটে বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

এ সময় রিফাত রশীদ গণভোটে এজেন্ট নিয়োগ ও তালিকা প্রকাশের মাধ্যমে ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সংগঠিত উপস্থিতি নিশ্চিত করা হবে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় ভূমিকা রাখা হবে, উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে দেশব্যাপী প্রচারণা কর্মসূচির বিস্তারিত সূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী- ৩ ফেব্রুয়ারি সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জে ‘ইয়েস র‍্যালি’, বিকেল ৩টায় রংপুর টাউন হলে কর্মসূচি এবং একই দিনে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ; ৪ ফেব্রুয়ারি রাজশাহীতে সকাল ১১টায় ‘ইয়েস র‍্যালি’ ও বিকেল ৩টায় কর্মসূচি; ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় খুলনায় শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং সকাল ১১টা ৩০ মিনিটে খুলনায় ‘ইয়েস র‍্যালি’; একই দিনে বিকেল ৫টায় বরিশালে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বরিশালে ‘ইয়েস র‍্যালি’; ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় ময়মনসিংহে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বিকেল ৩টায় ‘ইয়েস র‍্যালি’; ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় সিলেটে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বিকেল ৩টায় ‘ইয়েস র‍্যালি’; ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় চট্টগ্রামে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বিকেল ৫টায় ‘ইয়েস র‍্যালি’; ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকায় শাহবাগ থেকে ‘ইয়েস মার্চ’; ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণভোটে সংগঠনের এজেন্ট তালিকা প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]