রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আট দিন পর দাপ্তরিক কক্ষ ছেড়েছেন ১৭তম জিএস সালাউদ্দিন আম্মার। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বুধবার (৪ নভেম্বর) রাকসুর চাবি ও আসবাবপত্র হস্তান্তরের মধ্য দিয়ে দাপ্তরিক দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন তিনি।
বুধবার রাত ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে দপ্তর ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন সালাউদ্দিন আম্মার।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করে যে সম্মান দিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। নিজের সামর্থ্য, সময় ও শ্রম দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছেন। দায়িত্ব পালনকালে করা ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
আম্মার আরও লেখেন, শিক্ষার্থীরা তাঁকে নির্বাচিত না করলে হয়তো নীরবে হারিয়ে যেতেন। তাঁদের দেওয়া এই সুযোগ তাঁর জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
পোস্টে তিনি জানান, প্রশাসনের চিঠি অনুযায়ী ৪ নভেম্বর রাকসুর চাবি ও আসবাবপত্র হস্তান্তরের কথা ছিল। দায়িত্বের শেষ সময়টুকু তিনি রাকসুর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কাটিয়েছেন। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ায় স্বস্তি প্রকাশ করে তাঁদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
তবে রাকসুর দাপ্তরিক দায়িত্ব শেষ হলেও শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই জিএস। তিনি জানান, রাবি সংস্কার আন্দোলন প্ল্যাটফর্মের মাধ্যমে পরবর্তী রাকসু নির্বাচন এবং আগের ৯ দফা আন্দোলনের দাবিতে লড়াই অব্যাহত রাখবেন।
এ ছাড়া শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে তাঁকে স্মরণ করার আহ্বান জানিয়েছেন আম্মার। শিক্ষার্থীদের আর্থিক সমস্যাগুলো ‘নভোকালচার’ প্ল্যাটফর্মের মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর