শেরপুরের নালিতাবাড়ীতে আম্বিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গুজাকুড়া গ্রাম থেকে তার বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত একটি পুকুর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান এক পথচারী। স্থানীয়দের সহায়তায় বিষয়টি নালিতাবাড়ী থানা পুলিশকে জানানো হয়।
নিহত আম্বিয়া খাতুন গুজাকুড়া গ্রামের মৃত শহীদুল্লাহর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়িতে একাই বসবাস করতেন। তার একমাত্র ছেলে ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করেন এবং চার মেয়েকেও বিয়ে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি থেকে আম্বিয়া খাতুনকে নিজ বাড়িতে দেখা যাচ্ছিল না। এ সময় প্রতিবেশীরা ধারণা করেছিলেন, তিনি হয়তো মেয়েদের বাড়িতে বেড়াতে গেছেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানা পুলিশ জানায়, বৃদ্ধার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আইনগতসহ অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর