৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী শামীম শাহরিয়ারের নাম প্রকাশিত চূড়ান্ত গেজেটে অন্তর্ভুক্ত হয়নি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
এর আগে, গত ১১ নভেম্বর ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করে ফল প্রকাশ করেছিল পিএসসি। তবে বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে মাত্র ১ হাজার ৪৯০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সে হিসেবে এই বিসিএস থেকে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ জন প্রার্থী বাদ পড়েছেন। বাদ পড়া তালিকায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী শামীম শাহরিয়ারও রয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ জুন রাতে পিএসসি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। ওই ফলাফলে শামীম শাহরিয়ার পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
চূড়ান্ত ফল প্রকাশের সময় শামীম শাহরিয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছেন।
তার শিক্ষাজীবন শুরু হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকে তিনি এসএসসি এবং পরে নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
চূড়ান্ত গেজেটে তার নাম না থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। রাজনৈতিক কোনো কারণ, নাকি প্রশাসনিক বা প্রক্রিয়াগত জটিলতায় তিনি বাদ পড়েছেন—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পিএসসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর