ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দলিল লেখক, নকলনবিশ এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন এসএটি অ্যাক্ট মোহরার সুলতানা মুনমুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহসাংগঠনিক সম্পাদক ও গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম হাচি-বেশ শাহীদ মুন্সী। এ ছাড়া বক্তব্য দেন দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, সহসাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ভুট্ট, প্রচার সম্পাদক মো. আতাউর রহমান সোহেল, মো. সাইফুল ইসলাম ও নকলনবিশ মো. নুরুল ইসলাম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অফিস সহকারী শিউলি আক্তার, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল জলিল মুন্সী ও সাবেক সভাপতি মো. মকবুল হোসেনসহ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, নকলনবিশ ও কর্মচারীরা।
বক্তারা বলেন, কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিক সম্পর্কের মাধ্যমে রফিকুল ইসলাম সবার সঙ্গে কাজ করেছেন। তাঁরা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
বিদায়ী বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন, “গৌরীপুরে কর্মরত থাকাকালে এখানকার মানুষের কাছ থেকে সব সময় সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। এ এলাকার মানুষের আন্তরিকতা আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। আমি কখনোই গৌরীপুরবাসীকে ভুলব না। আগামী দিনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”অনুষ্ঠানে সহকর্মীরা বিদায়ী সাব-রেজিস্ট্রারের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর