বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শাফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর সরকার গঠন বা দলীয় বিজয় তাদের লক্ষ্য নয়; বরং ১৮ কোটি মানুষের বিজয়ই তাদের আকাঙ্ক্ষা। জাতি, ধর্ম ও দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিকের কল্যাণ নিশ্চিত করাই জামায়াতের রাজনীতির উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাফিকুর রহমান বলেন, “আমরা পুরোনো রাজনীতিতে ফিরে যেতে চাই না। সেই রাজনীতি বাংলাদেশকে এগোতে দেয়নি, পায়ে শিকল পরিয়ে আটকে রেখেছিল। আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সেই পুরোনো বন্দোবস্ত বদলে দিতে চাই। আগামী ১২ তারিখ সেই পরিবর্তনের সুযোগ।”
তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গণভোট হিসেবে উল্লেখ করে বলেন, “এই গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদী, ‘না’ মানে গোলামী। ইনশাআল্লাহ আমাদের প্রথম ভোট আজাদীর পক্ষে ‘হ্যাঁ’। দ্বিতীয় ভোট ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে।”
জামায়াত আমির বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, চাঁদাবাজি ও দুর্নীতি চলবে না, মামলা বাণিজ্য হবে না। কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করা হবে না, কোনো মায়ের গায়ে হাত তোলা হবে না। সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
ন্যায়বিচার প্রসঙ্গে তিনি বলেন, “অপরাধ করলে সাধারণ মানুষ যেমন শাস্তি পাবে, একই অপরাধ করলে দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকেও একই আইনের আওতায় আসতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ যার, শাস্তিও তার।”
তিনি আরও বলেন, “এই বাংলাদেশ গড়ার দায়িত্ব আমরা তরুণদের হাতে তুলে দিতে চাই। ১২ তারিখ সেই সুযোগ আমাদের দরজায় কড়া নাড়ছে। দাঁড়িপাল্লা কোনো দলের প্রতীক নয়, এটি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক।”
জনসভায় জেলা জামায়াতে ইসলামীর আমির ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন— যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও নড়াইলের সাবেক জেলা আমির মাওলানা আশেক ইলাহী, জেলা নায়েবে আমির মাস্টার জাকির হোসাইন, জামায়াত নেতা মো. শামসুর রহমান, খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা আব্দুর রহমান, এনসিপি নেত্রী মাহমুদা সুলতানা রিমি ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনসহ অনেকে।
বক্তব্য শেষে ডা. শাফিকুর রহমান নড়াইল-১ ও নড়াইল-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর