টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ভারত অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতি সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “আমি জানি না কেন পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না। এই প্রথম শুনছি, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে না।”
আজ (বুধবার) থেকে শুরু হতে যাওয়া আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যখন ক্রিকেটবিশ্বে উত্তেজনা চরমে, ঠিক তখনই পাকিস্তানের এই সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে এমন ঘোষণা আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে সেই ম্যাচের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
এদিকে, ভারতের মাটিতে আজই গড়াচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচ। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
স্বাগতিক দল হিসেবে ভারতের সম্ভাবনা নিয়ে আশাবাদী সৌরভ গাঙ্গুলি বলেন, “এটা ঘরের মাঠে বিশ্বকাপ—ভারতের জন্য বড় সুযোগ।”
ভারতের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি বলেও মনে করেন সৌরভ গাঙ্গুলি। পাশাপাশি তিনি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, এই আসরে বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত ছিল।
এর আগে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, জাতীয় দল বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ পর্বের ম্যাচে তারা মাঠে নামবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, সরকারের নির্দেশনার কারণেই এই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের এই অবস্থানের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব সংস্থাটি স্পষ্ট করে জানায়, নির্বাচিত ম্যাচে অংশগ্রহণ না করা বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মৌলিক নীতির পরিপন্থী এবং সব দলকে নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে নামতে হবে।
এদিকে, সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কাও পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়, ভারত–পাকিস্তান ম্যাচ না হলে দেশটির পর্যটন খাতসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর