পুরান ঢাকার কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কলতাবাজার ওয়াসা পানির পাম্প এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়।
নিহত শিক্ষার্থীর পাশের কক্ষের এক রুমমেট জানান, সারাদিন রাকিবার কক্ষের দরজা বন্ধ ছিল। রাত নয়টার দিকে তার এক বান্ধবী মেসে এলে তারা দরজায় ধাক্কা দিতে থাকেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধাক্কা দেওয়ার পরও দরজা না খোলায় তারা বাড়িওয়ালাকে ফোন করেন। পরে নিচতলা থেকে এক যুবক এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে ভেতরে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নিহত শিক্ষার্থীর ভাই নাঈম হোসেন জানান, রাকিবার সঙ্গে পরিবারের সর্বশেষ কথা হয়েছিল আগের রাতে। সে সময় রাকিবা মেসে একাই ছিলেন। তিনি তার মাকে জানিয়েছিলেন যে তার শরীর ভালো নেই এবং পরে কথা বলবেন। এরপর আর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ হয়নি। পরে তার মা বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হলে রাকিবার বান্ধবীদের বিষয়টি জানান। বান্ধবীরা মেসে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান এবং সহায়তা নিয়ে দরজা ভেঙে রাকিবাকে উদ্ধার করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আপাতদৃষ্টিতে মৃত্যুর বিষয়ে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকলে তা জানা যাবে। এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফেরদৌস হাসান জানান, মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর