আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান মাঠে নামবে কি না—এ নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার লাহোরে অনুষ্ঠিত প্রায় পাঁচ ঘণ্টার এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
বৈঠকে তিন পক্ষের আলোচনার কেন্দ্রে ছিল বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ। সেখানে ম্যাচটি খেলার ব্যাপারে নীতিগত সম্মতি দিয়েছে পিসিবি। তবে আইসিসির কাছে তিনটি শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই শর্তগুলোর একটি ক্ষেত্রে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইসিসিকে পিসিবি স্পষ্ট করে জানিয়েছে—বিশ্বকাপ থেকে বাদ পড়ার ক্ষতিপূরণ তো দিতে হবেই, পাশাপাশি বাংলাদেশকে অংশগ্রহণ ফিও দিতে হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের বৈঠকে পিসিবির উত্থাপিত তিনটি শর্ত হলো—বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশকে বর্ধিত ক্ষতিপূরণ প্রদান, বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশকে অংশগ্রহণ ফি দেওয়া এবং ভবিষ্যতে পাকিস্তানকে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেওয়া।
তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে আরেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির দাবিগুলো ছিল কিছুটা ভিন্ন। এর মধ্যে রয়েছে—আইসিসির কাছ থেকে বেশি রাজস্ব দাবি, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করার আহ্বান এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর নিশ্চয়তা দেওয়া।
এদিকে এনডিটিভি আরও জানিয়েছে, আইসিসির কাছে শর্ত উপস্থাপন করা হলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই বিষয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির।
সব মিলিয়ে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। তবে আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোচ্ছে বিষয়টি- এমন ইঙ্গিতই মিলেছে লাহোরের দীর্ঘ বৈঠক থেকে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর