ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন হবে দেশ বাঁচানোর নির্বাচন এবং নতুন, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।
সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল শেষে রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতাউর রহমান সরকার বলেন, “সাড়ে চার কোটি তরুণ ভোটার জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। একইসঙ্গে গত ১৭ বছর যারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, তারাও এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই নির্বাচন হবে উন্নয়ন, পরিবর্তন ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনের মধ্য দিয়েই একটি নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে। একবারের জন্য জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিন। আমরা শাসক হিসেবে নয়, আপনাদের খাদেম হয়ে সেবা দিতে চাই।”
জামায়াত প্রার্থী অভিযোগ করে বলেন, “বিগত ৫৪ বছর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা শাসক ছিলেন—খাদেম ছিলেন না। তারা একটি সুন্দর শাসনব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। শাসনব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়ায় দেশের সামাজিক ও প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। সাধারণ মানুষের কোনো প্রকৃত উন্নয়ন হয়নি।”
তিনি বলেন, “আপনারা গত ৫৪ বছরে অনেককেই এমপি বানিয়েছেন এবং তাদের শাসনামল দেখেছেন। এখন মানুষ পরিবর্তন চায়। নতুন করে আর পুরোনোদের দেখার সুযোগ নেই। আমাদের একবার সুযোগ দিন—খাদেম হয়ে আমরা আপনাদের সেবা করব।”
আতাউর রহমান সরকার আরও বলেন, “আজ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ ও মাদকসেবীদের বিরুদ্ধে জেগে উঠেছে। আশা করি, ১২ ফেব্রুয়ারি জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে রায় দিয়ে বিজয় ছিনিয়ে আনবে—ইনশাআল্লাহ।”
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মোবারক হোসেন আখন্দ, কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. সিরাজুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জুলফিকার হায়দার রাফি প্রমুখ।
সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
এর আগে পৌর শহরের কলেজ মাঠ থেকে জামায়াতে ইসলামীর একটি বিশাল নির্বাচনী গণমিছিল বের হয়। মিছিলটি সড়ক বাজার প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর