রাজবাড়ী সদর উপজেলার আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওয়াসিম রানা শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে 'পাগল' মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি তিনি নিজের ফেসবুক আইডিতে শিক্ষামন্ত্রীর একটি সংবাদ বক্তব্য শেয়ার করে আপত্তিকর ভাষায় মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, "শুরু হয়ে গেলো পাগলের পাগলামি," যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার সূত্রপাত ঘটায়।
শিক্ষামন্ত্রী যখন অনুমতি ছাড়া শিক্ষকদের অন্য পেশায় যুক্ত থাকার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন, তখনই এই পোস্টটি করা হয়। শিক্ষকের এই মন্তব্য মন্ত্রীর ঘোষণার তীব্র প্রতিক্রিয়াস্বরূপ বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন, ওয়াসিম রানা কোচিং কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং করান। তাকে একজন 'পুরোদমে কোচিংবাজ শিক্ষক' হিসেবেও আখ্যায়িত করা হয়েছে।
আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস বলেন, "আমি ফেসবুক তেমন বুঝি না, ফলে বিষয়টি আমার নজরে আসেনি। তবে শিক্ষক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করা অনভিপ্রেত। বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
কোচিং কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে শিক্ষক ওয়াসিম রানা জানান, তিনি স্কুলের ভেতর শিক্ষার্থীদের কোচিং করান না, তবে স্কুলের বাইরে ঘর ভাড়া করে কোচিং বাণিজ্য করেন।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী বলেন, "একজন শিক্ষক হয়ে শিক্ষামন্ত্রীকে 'পাগল' সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমের নিউজ শেয়ার দেওয়া অপরাধ। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর