ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র দুই দিন। প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। তাঁরা গণসংযোগ থেকে শুরু করে ব্যানার টাঙানো, মাইকিং এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। পথসভা-উঠান বৈঠক করে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। একই সঙ্গে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভোটের প্রচারণা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের প্রচারণা শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন। বিএনপি প্রভাবিত এ আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ জন প্রার্থী মাঠে থাকলেও মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বিএনপি-জামায়াত প্রার্থীর মধ্যে। বগুড়া-৪ আসনে বিএনপি মনোনয়ন দেয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনকে ও জামায়াতের মনোনয়ন দেয়া হয়েছে ড. মোস্তফা ফয়সাল পারভেজকে। এছাড়া জাতীয় পাটি থেকে শাহিন মোস্তফা কামাল (ফারুক) ও ইসলামী আন্দোলন থেকে ইদ্রিস আলী রয়েছেন নির্বাচনী মাঠে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বাধীনতার পর ১২টি জাতীয় সংসদ ও দুইটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি আটবার, জাসদ(ইনু) তিনবার, জাতীয় পার্টি দুইবার এবং আওয়ামী লীগ একবার নির্বাচিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি-জামায়াত উভায় দলের প্রার্থী ও সমর্থকরা। তবে সাধারণ ভোটাররা বলছেন ভিন্ন কথা। তারা মনে করেন এ আসনে আওয়ামী লীগ ও তার মিত্রদের অন্তত ১ লাখ ভোট রয়েছে। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই। সে ক্ষেত্রে কোন প্রার্থীকে নির্বাচনে বিজয়ী হতে হলে ওই ভোট তার পক্ষে আনতে হবে। তাই নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের ভোট বড় ফ্যক্টর হয়ে দাঁড়াতে পারে। এছাড়া এ আসনে পুরুষের চেয়ে ১ হাজার ৫৪৫ জন নারী ভোটার বেশি হওয়ায় প্রার্থীদের জয়-পরাজয়ের হিসাব অনেকটাই নির্ভর করছে তাদের সিদ্ধান্তের ওপর।
নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৮ হাজার ৯৮৫ জন, নারী ১ লাখ ৮০ হাজার ৫৩০ জন এবং ৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৪টি। এর মধ্যে কাহালু উপজেলায় ৬৫টি এবং নন্দীগ্রাম উপজেলায় ৪৯টি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আশা করি সকলের প্রচেষ্টায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আরা বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো আছে। আশা করি সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর