সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘নূর হোসেন স্মারক ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে মূলধন বৃদ্ধির লক্ষ্যে শহীদ নূর হোসেনের ভাই মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নূর উন নবী ভূঞা ৫ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন। এই অনুদানের মাধ্যমে ট্রাস্ট ফান্ডের মূলধন ৬ লাখ টাকায় উন্নীত হলো।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ০১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। শহীদ নূর হোসেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের এমএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মওলানা ভাসানীর অনশন ধর্মঘটকে কেন্দ্র করে সর্বদলীয় মিছিলে অংশগ্রহণকালে ১৯৭৩ সালের ২১ মে তৎকালীন সরকারি বাহিনীর গুলিতে তিনি নিহত হন।
কুশল/সাএ
সর্বশেষ খবর