নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনীর ক্যাপ্টেন খালেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অর্থ ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে জব্দকৃত অর্থ ও যানবাহন থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। প্রাথমিকভাবে জব্দ হওয়া অর্থ একজন স্বতন্ত্র প্রার্থীর বলে জানা গেছে। তবে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী টাকার উৎস ও বৈধতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রাম-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাজীব হোসেন জানান, জব্দ হওয়া টাকার উৎস তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, টাকা জব্দের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। ওই ব্যক্তি টাকা গুনছেন। এ সময় সেনাসদস্যদের একজন তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’ বলে পরিচয় দেন।
উল্লেখ্য, মিজানুল হক চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে চট্টগ্রাম-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর