• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
রফিকুল ইসলাম
বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১১ দুপুর

লামায় ভোটকেন্দ্র গুলোতে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সারাদেশের ন্যায় বান্দরবান ৩০০নং আসনের লামা উপজেলায় ৪২টি কেন্দ্রে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোর থেকে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে প্রায় প্রতিটি কেন্দ্রে।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর পার্বত্য জেলা বান্দরবানের একমাত্র আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সাচিং প্রুজেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীক নিয়ে মো. আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীক নিয়ে আবু সাঈদ মো. সুজাউদ্দীন এবং জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বান্দরবানে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ হাজার সেনাবাহিনীর সদস্য, ২১ প্লাটুন বিজিবি ও ৮০০ পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা নির্বাচনি দায়িত্ব পালন করছেন।

সকাল সাড়ে ৯টায় লামা পৌরসভার ছাগলখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি। উৎসবমুখর পরিবেশে ভোটারেরা ভোট দিচ্ছেন। ভোট দিতে আসা ব্যক্তিদের একজন ছিদ্দিকুর রহমান (৬০)। হরিণঝিরি এলাকার এই বাসিন্দা বলেন, ‘অনেক দিন ভোট দিতে পারিনি। তাই ভোট দেওয়ার সুযোগ পেয়ে সকাল সকাল কেন্দ্রে চলে এলাম। ভোট দিতে পরে খুবই ভালো লাগছে। ঈদের আনন্দ মনে হচ্ছে। একেন্দ্রে ৮টি বুথের প্রত্যেকটি লাইনে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।’

কেন্দ্রটিতে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা কাজী আশরাফ মাহমুদ বলেন, ‘এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৫ জন। এটি পৌরসভার বড় কেন্দ্রগুলোর একটি। নির্ধারিত সময় ভোট শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন।’

লামা বাজারের লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন মমতাজ বেগম। কেন্দ্রটিতে সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান তিনি। তিনি বলেন, ১৬ বছর পর মন খুলে ভোট দিলাম।

বান্দরবান ৩০০নং আসনের ভোটকেন্দ্রের একটি লামামুখ উচ্চ বিদ্যালয়। সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরুর আগে কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, ফটকের সামনে ভোটারদের দীর্ঘ সারি। ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তাঁরা। কেন্দ্রের ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন।

সকাল সাড়ে সাতটায় কেন্দ্রে ঢুকতে দেওয়া ভোটারদের। শুরু হয় ভোট গ্রহণ। কেন্দ্রে প্রথম ভোট দেন মংছিংপ্রু মার্মা (৪৭)। ভোট দিতে পেরে বেশ খুশি তিনি। বলেন, বেলা বাড়লে মানুষের চাপ বাড়ে। তাই ভোরেই কেন্দ্রে চলে এসেছেন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।

বান্দরবানে ৭টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে বান্দরবান ৩০০ নং আসন। লামা উপজেলায় মোট ভোটকেন্দ্র ৪২টি এবং ভোটকক্ষ রয়েছে ২২৩টি। এরমধ্যে ৩৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ দেখানো হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৫৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৯২৮ জন এবং নারী ভোটার ৪২ হাজার ৬২৬ জন। এছাড়া ১২৭৫ জন সরকারি চাকরিজীবি পোস্টাল ব্যালেটের জন্য আবেদন করেছে।

বান্দরবান জেলায় সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন রয়েছে। এ আসনে বাঙালি ছাড়া ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর বসবাস। জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৭টি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]