বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গণতন্ত্রের জন্য বড় দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। তিনি বলেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছি।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করে ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন শুরু হওয়ার প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দল কেন্দ্রটিতে উপস্থিত ছিল। তারা প্রস্তুতিপর্ব থেকে সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স প্রদর্শন করে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করেন এবং পরে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইভার্স ইজাবস জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তারা সরাসরি প্রক্রিয়াটি প্রত্যক্ষ করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, রাজধানীর পাশাপাশি সারাদেশেই অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দিনের অবশিষ্ট সময়জুড়ে পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক বলে দেখা গেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর