অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফর চলবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করেন তিনি।
সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন। এ ছাড়া মালয়েশিয়ায় প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে তাঁর।
আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ত্যাগের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ ছাড়া নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আগামী ২৬ নভেম্বর দেশে ফিরবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর