দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী শাসনের অবসানের প্রেক্ষাপটে আজ (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে চট্টগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্রে লক্ষ্য করা যাচ্ছে নারীদের উপচে পড়া উপস্থিতি। পাশাপাশি হিন্দু ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।
অতীতে নির্বাচনের সময় সংঘর্ষের আশঙ্কায় অনেক ভোটারই কেন্দ্রে যেতে দ্বিধায় ভুগতেন। বিশেষ করে নিরাপত্তা ও পরিবেশগত কারণে অনেক নারী ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকতেন। তবে এবারের নির্বাচনে চট্টগ্রামে দেখা গেছে ভিন্ন চিত্র। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বিভিন্ন কেন্দ্রে।
চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১৩ আসনের কয়েকটি কেন্দ্রে দেখা যায়, ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেন্দ্রের ভেতরে নির্বাচনি কর্মকর্তারা ব্যালট বাক্স সিলগালা, প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। জাতীয় পরিচয়পত্র যাচাই শেষে ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
ভোট দিতে আসা নারীরা জানান, দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা আনন্দিত। তাদের ভাষ্য, গত ১৭ বছর তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি।
চট্টগ্রাম-১০ আসনের আমবাগান ভোটকেন্দ্রে সুফিয়া বেগম নামে এক ভোটার বলেন, “নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে আমরা আনন্দিত। আমরা চাই যোগ্য ও সৎ ব্যক্তি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করুন। তাই কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি।”
চট্টগ্রাম-২ আসনের বাবুনগর মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট দিতে আসা পূজা রাণী বলেন, “দেশের জন্য ভোট দিতে এসেছি। আমরা একটি নিরাপদ ও উন্নত রাষ্ট্র চাই।”
রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইশতিয়াক বলেন, “শৃঙ্খলা বজায় রেখে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি বেশি এবং এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে।”
এবারের নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৪ লাখ ৪৮ হাজার ৩৮০ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৫ লাখ ১ হাজার ৯১৬ জন এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮ জন ভোটার রয়েছেন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ৩ লাখ ১৯ হাজার ৮ জন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-খুলশি) আসনে ৪ লাখ ৯২ হাজার ৪৪৪ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৩ লাখ ৫২ হাজার ৬৯৫ জন ভোটার রয়েছেন।
এছাড়া চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৩ লাখ ১৩ হাজার ৫১৩ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে ৫ লাখ ৬ হাজার ৫৯ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৪ লাখ ১১ হাজার ২৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর