মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পরিবহন মন্ত্রীদের সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ গুরুত্ব তুলে ধরেন।
এরদোগান বলেন, এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে মুসলিম দেশগুলোর অবস্থান। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর, প্রাণবন্ত তরুণ জনশক্তি এবং দ্রুত সম্প্রসারিত বাজারকে কৌশলগত সম্পদে পরিণত করতে হলে কার্যকর ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি।
তিনি আরও বলেন, সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর ও বিমানবন্দর সংযোগ জোরদার করা গেলে তা শুধু বাণিজ্য বাড়াবে না, বরং পারস্পরিক সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কও সুদৃঢ় করবে। তুরস্কের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি উল্লেখ করেন, মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং বৃহৎ সেতু নির্মাণের মাধ্যমে দেশটি ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্য রুটে নিজেদের অবস্থান শক্ত করেছে। বিশেষত ট্রান্স-কাস্পিয়ান ইস্ট-ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক রূপে পুনর্জাগরণের প্রচেষ্টা চালানো হচ্ছে।
এরদোগান স্পষ্ট করেন, তুরস্ক এই বিশাল বিনিয়োগগুলোকে কেবল জাতীয় স্বার্থে দেখছে না। তাদের মূল লক্ষ্য হলো ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি বাড়ানো এবং যৌথ প্রকল্পের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডোর তৈরি করা।
সূত্র: আরটি নিউজ
কুশল/সাএ
সর্বশেষ খবর