ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের অধিকাংশ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে তার এ এগিয়ে থাকার বিষয়টি জানা গেছে।
এর আগে একই দিন সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় তা শেষ হয়। সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভিড় বাড়ে। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠনে মতামত দিয়েছেন। এখন চলছে ফলাফল ঘোষণার অপেক্ষা।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের নির্বাচনে ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।
কুশল/সাএ
সর্বশেষ খবর