বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের সংসদীয় দুটি আসনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোটগ্রহণ চলাকালে শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া ৫৩টি ব্যালট পেপারসহ তিনটি ব্যালট বই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় একজনকে আটক করে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাই ও জালভোট দেওয়ার অভিযোগে নলবাইদ গ্রামের মো. মাসুদকে আটক করা হয় এবং তিনটি ব্যালট বই উদ্ধার করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়ার আদালতে তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর আদালতে ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, "সকাল সাড়ে ৯টার দিকে বাইরের কয়েকজন লোক হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে র্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সময়ের মধ্যে এসে ব্যালট পেপারগুলো উদ্ধার করে। এই ঘটনায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। পরবর্তীতে স্বাভাবিক ভোটগ্রহণ কার্যক্রম চালু হয়।"
কুশল/সাএ
সর্বশেষ খবর