ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে অনুষ্ঠিত নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম “ঘৃণিত প্রহসন” আখ্যা দিয়ে তা বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম ও ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী (শাপলাকলি প্রতীক) ডা: জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার উপজেলার জামিরদিয়া এলাকার নিজ বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, দিনের আলোয় প্রকাশ্যে ভোটকেন্দ্র দখল ও সিল মারার ঘটনা ঘটেছে, যা অতীতের যেকোনো সময়ের চেয়েও ভয়াবহ।
মোর্শেদ আলম বলেন, “বিগত স্বৈরাচার হাসিনার সরকারের আমলেও দিনের আলোয় প্রকাশ্যে ভোটকেন্দ্র দখল করে এভাবে সিল মারা হয়নি। আমরা দিনের দুপুরে প্রকাশ্যে সংঘটিত ভোট ডাকাতির এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
তিনি আরও বলেন, ভালুকার জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
অন্যদিকে ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভোট গণনা স্থগিত এবং সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী (শাপলাকলি প্রতীক) ডা: জাহিদুল ইসলাম।
তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত আবেদন জমা দিয়ে অভিযোগ করেন, ভোট গ্রহণের দিন বিভিন্ন কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মাধ্যমে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান, কেন্দ্র দখল এবং তার নির্বাচনী এজেন্ট ও সাধারণ ভোটারদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর