• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৪ সকাল

ফল নিয়ে জামায়াতের অসন্তোষ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি 

ছবি: সংগৃহীত

দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে। ফলে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছেন।

তবে নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে নির্বাচন কমিশনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি অভিযোগ করেন, কিছু কিছু আসনের ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা স্বাক্ষরের পরও ফলাফল পরিবর্তন করেছেন। তার দাবি, বিশেষ করে ঢাকা-১৭ আসনসহ অন্তত আটটি আসনে রেজাল্ট সিটে ওভাররাইটিং করে ভোট কমানো হয়েছে।

এহসানুল জুবায়ের বলেন, “আমাদের এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফলাফল ঘোষণার কথা থাকলেও তা করা হয়নি। কিছু আসনে রিটার্নিং কর্মকর্তারা স্বাক্ষরের পরও ফলাফল পরিবর্তন করেছেন।”

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে ফলাফলের কাগজে ওভাররাইটিং করে প্রায় পাঁচ হাজার ভোট কমানো হয়েছে এবং একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য এ ধরনের অনিয়ম করা হয়েছে।

ঢাকা-১৫ আসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই আসনে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি, অথচ অন্য প্রার্থী ইতোমধ্যে নিজেকে বিজয়ী দাবি করেছেন। তার দাবি, ওই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

জামায়াত নেতা অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি বিশেষ দলের পক্ষে কাজ করেছেন। তিনি বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের রায় কেউ চক্রান্ত করে পরিবর্তন করতে চাইলে তা মেনে নেওয়া হবে না।”

তিনি জানান, দলটির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার জন্য সেখানে অবস্থান করছে এবং অনিয়মের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে।

একই সঙ্গে তিনি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

এদিকে নির্বাচন কমিশন এখনো এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। চূড়ান্ত ফলাফল ঘোষণা হলে নির্বাচনের পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]