সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬ হাজার ৪৪৮ ভোট। এতে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৬৬। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকেল থেকেই গণনা শুরু হয় এবং সন্ধ্যার পর পর্যায়ক্রমে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৯৭টি। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৭২৪ এবং প্রদত্ত ভোটের হার ৬০.২২ শতাংশ। অন্য প্রার্থীদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন শফিকুল ইসলাম খান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩ হাজার ৬২১ ভোট। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল একত্রিত করে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিনভর সখীপুর ও বাসাইল উপজেলার কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ফলাফল ঘোষণার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে দেখা গেছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৮ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৬২৩ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। বাসাইল উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন এবং সখীপুর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে আসনটি গঠিত। দীর্ঘ সময় পর এ আসনে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সখীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল রনী জানান, অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে বিজয়ী প্রার্থী আহমেদ আযম খান প্রেস ব্রিফিংয়ে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর