ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারের একটি জুয়েলারী দোকানে ব্যবসায়ীকে চাকু নিয়ে মারতে ঔদ্যত্ব হলে নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ওই নারীর বিরুদ্ধে ১২ আনা সোনার কানের দুল চুরির অভিযোগ তুলেছেন ব্যবসায়ী। চুরির অভিযোগ তোলার পর ব্যবসায়ীকে চাকু নিয়ে মারতে তেড়ে যাওয়া নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ফুলবাড়িয়া পৌর বাজারের মরিচ মহল সংলগ্ন এলাকায় রফিক জুয়েলারী নামে একটি স্বর্ণের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম। গত ৬ ফেব্রুয়ারি তার দোকান থেকে সোনার কানের দুল কিনতে আসলে তিন নারীকে দেখানোর সময় ১২ আনা ওজনের এক জোড়া কানের দুল চুরি হয়ে যায়। আজ বিকেলে ফারজানা আক্তার রুপা নামে এক নারীসহ দুজন পূণরায় দোকানটিতে গিয়ে সোনার গহনা কেনার আলাপ শুরু করেন। ওই সময় দোকান মালিক তাদের কাছে ৬ ফেব্রুয়ারি কানের দুল চুরি করে নেওয়ার অভিযোগ এনে সিসিটিভি ফুটেজ দেখান। এর এক পর্যায়ে এক নারী চলে গেলেও অপরজন চাকু হাতে ব্যবসায়ীকে জিম্মি করে উচ্চবাচ্য শুরু করে। নিজে চুরির কথা অস্বীকার করে চাকু হাতে ভীতিকর পরিস্থিতি তৈরি করলে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে তাদের হেফাজতে নিয়ে যায়।
পুলিশ হেফাজতে থাকা ফারজানা আক্তার ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি বাদামিয়া এলাকার বাসিন্দা ও একই গ্রামের হান্নান মিয়ার স্ত্রী।
ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আমার দোকানে তিন নারী এসে কানের দুল দেখতে চাইলে তাদের দেখানোর সময় ১২ আনা ওজনের কানের দুল লুুকিয়ে ফেলে। সেটি আমি পরে টের পেয়ে সিসিটিভিতে দেখে রাখি। আজ ওই নারী সহ আরেকজন আসলে তাদের চিনে ফেললে একজন পালিয়ে যায়। ওই সময় কানের দুল চুরির কথা বললে নারী বলে তার শ্বাশুড়ি চুরি করেছে, সে এনে দিবে। এরপর সে চাকু নিয়ে বিভিন্ন আচরণ শুরু করে। আমি বিষয়টি নিয়ে থানায় মামলা করবো।
ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, আজ ওই নারী দোকানটিতে গেলে দোকানি অভিযোগ করে ওই নারী তার দোকানে আগে চুরি করেছে। ওই সময় নারী তার ব্যাগ থেকে চাকু বের করে ভয় দেখাতে শুরু করে। আমরা তাদের হেফাজতে এনেছি, সে অসংলগ্ন কথাবার্তাও বলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর