ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, রাতে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি বন্ধে কঠোর অবস্থানে যাবে প্রশাসন। তিনি বলেন, এখন থেকে রাতে রাস্তায় ঘোরাফেরা করলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে—কেন বেরিয়েছে, কোথায় গেছে এবং কী কারণে বাইরে রয়েছে।
তিনি আরও বলেন, এ পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে যদি সংবিধান লঙ্ঘনের প্রশ্ন ওঠে, সেটি পরে বিবেচনা করা হবে। তবে কিশোরদের রাতের অযথা চলাফেরা বন্ধ করতে এই উদ্যোগের কোনো বিকল্প নেই।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনি এলাকায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, এটি আমার প্রমিজ (প্রতিজ্ঞা)।’
তিনি বলেন, ‘আমার এই প্রমিজের সঙ্গে যারা থাকতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। আর না হয় আমাকে বলবেন আমি ভালো জায়গা দেখে বদলি করে দেব। কিন্তু আমি এখানটাকে পবিত্র রাখব।’
চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর