মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ের বিল দাখিল এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভ্রমণ ব্যয়ের বিলের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণক সংযুক্তি, নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম সমন্বয় এবং বিলের তিন সেট দাখিলসহ মোট সাতটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসেবা শাখা থেকে গত ৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি কাজে দেশ-বিদেশে ভ্রমণ করেন। ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিল দাখিল করতে হবে।
বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকারপ্রধান অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের জারি করা অফিস আদেশের কপি বিলের সঙ্গে সংযুক্ত করতে হবে।
যানবাহন ভাড়ার ক্ষেত্রে প্রকৃত ভাড়ার টিকিট, বিমান ভ্রমণের ক্ষেত্রে টিকিটের সঙ্গে বোর্ডিং পাস, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি জমা দিতে হবে। আবাসিক হোটেলে অবস্থানের ক্ষেত্রে প্রকৃত পরিশোধিত বিলের কপি বা সংশ্লিষ্ট প্রমাণকও দাখিল করতে হবে।
বৈদেশিক ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রে টাকার পাশাপাশি সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিনিময় হারসংক্রান্ত বিবরণী এবং অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাউচার বা প্রমাণক দিতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারপ্রধান অনুমোদিত সারসংক্ষেপে নির্ধারিত ভ্রমণকালের অতিরিক্ত সময় কেউ ভ্রমণ করলে সেজন্য পুনরায় অনুমোদন নিতে হবে।
অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের সর্বশেষ জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে। অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণ করলে ভ্রমণ শেষ হওয়ার এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয় বিল দাখিল করতে হবে।
আগের ভ্রমণের অগ্রিম বিল সমন্বয় করা না হলে পরবর্তী ভ্রমণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়ের সুবিধার্থে পর্যাপ্ত সময় হাতে রেখে অগ্রিম অর্থ বরাদ্দের বিল দাখিল করতে বলা হয়েছে।
এ ছাড়া মূল কপিসহ বিলের মোট তিন সেট জমা দিতে হবে। বিলের সব ফটোকপি যথাযথভাবে সত্যায়িত হতে হবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা পরিপত্রে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) শারমিন ইয়াসমিন।
পরিপত্রটি সব সিনিয়র সচিব ও সচিব, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিব, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা (ডিডিও) এবং সংশ্লিষ্ট আইসিটি কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের পরিপত্র বক্সে এটি আপলোডের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর