শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, “শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে, তাকে ধরে নিয়ে আসতে চাই। তিনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আইসিটির চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তার এখন আর আপিল করারও সুযোগ নেই। তার মানে টেকনিক্যালি ব্যাপারটি এমন, শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টিকে শর্ত হিসেবে যুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ভারতের কয়েকটি প্রতিষ্ঠিত গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রত্যর্পণের আগ পর্যন্ত শেখ হাসিনা যেন এ ধরনের সাক্ষাৎকার দিতে না পারেন, এমনটাই বাংলাদেশ প্রত্যাশা করে।
তিনি বলেন, “ভারতের দিক থেকে বিষয়টি ঠিক হচ্ছে না বলে মনে করি।”
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার দাবি ‘শক্ত’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা বাংলাদেশ তাকে ফিরিয়ে আনুক—এ নিয়ে কোনো কৌশল নেই।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে পর্যায়ে চলে গিয়েছিল, তা উন্নত করতে অন্তত তাৎক্ষণিকভাবে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ বন্ধে পদক্ষেপ নেওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এ বিষয়ে জিজ্ঞেস করা উচিত এবং তাকে বাংলাদেশের সংবেদনশীলতার বিষয়টি জানানো উচিত।
তিনি আরও বলেন, “যখন বাঁধন কিংবা অন্য কেউ হামলার শিকার হচ্ছেন, তখন মিডিয়ার সঙ্গে শেখ হাসিনার কথা বলা বিরক্তিকর এবং ক্ষুব্ধ করে। সেটি ভারতের বোঝা উচিত।”
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর