যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জাতীয় জরুরি পরিস্থিতির জন্য প্রণীত একটি আইনের অধীনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ব্যাপক বৈশ্বিক শুল্ক বাতিল করেছেন। শুক্রবার দেওয়া এক ঐতিহাসিক ৬-৩ ভোটের রায়ে আদালত বলেন, সংশ্লিষ্ট আইন প্রেসিডেন্টকে এ ধরনের শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে এবং এর বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।
রক্ষণশীল প্রধান বিচারপতি জন রবার্টস রচিত রায়ে বলা হয়, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) প্রেসিডেন্টকে আমদানি নিয়ন্ত্রণের কিছু ক্ষমতা দিলেও শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। রবার্টস লেখেন, “আইইইপিএতে প্রেসিডেন্টকে যে ‘আমদানি নিয়ন্ত্রণের’ ক্ষমতা দেওয়া হয়েছে, তা শুল্ক আরোপের ক্ষমতাকে অন্তর্ভুক্ত করে না।”
আদালত আরও বলেন, প্রেসিডেন্টের এমন পদক্ষেপ কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে এবং ‘মেজর কোয়েশ্চনস’ নীতির লঙ্ঘন ঘটাতে পারে। এ নীতি অনুযায়ী, বড় অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবসম্পন্ন সিদ্ধান্ত নিতে নির্বাহী শাখার জন্য কংগ্রেসের স্পষ্ট অনুমোদন প্রয়োজন। আদালত পূর্বে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন-এর কিছু নির্বাহী পদক্ষেপের ক্ষেত্রেও এ নীতি প্রয়োগ করেছিল।
এই মামলায় ভিন্নমত দেন বিচারপতি ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো এবং ব্রেট ক্যাভানাফ। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ রায়ে যোগ দেন বিচারপতি নিল গরসাচ, অ্যামি কোনি ব্যারেট, সোনিয়া সোটোমেয়র, এলেনা কাগান এবং কেতানজি ব্রাউন জ্যাকসন।
ট্রাম্প তার অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আমদানি শুল্ক ব্যবহার করেছিলেন। দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া বৈশ্বিক বাণিজ্যযুদ্ধে শুল্ক ছিল প্রধান উপাদান, যার ফলে বাণিজ্য অংশীদারদের সঙ্গে উত্তেজনা, বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়।
শুল্কে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও ১২টি অঙ্গরাজ্য ট্রাম্পের একতরফা শুল্ক আরোপের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানায়। সেই মামলার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট এই রায় দেন।
অর্থনীতিবিদদের মতে, আইইইপিএর আওতায় আরোপিত শুল্ক থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১৭৫ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আদায় করেছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে ওই অর্থ ফেরত দিতে হতে পারে। হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবে ডেমোক্র্যাট ও বিভিন্ন শিল্পগোষ্ঠী আদালতের রায়কে স্বাগত জানিয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর