• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২ রাত

খাগড়াছড়ির সাংবাদিকতা ও সমাজসেবায় এক নিবেদিত নাম সাংবাদিক আবদুর রউফ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির তরুণ সাংবাদিক ও সমাজসেবক মো. আবদুর রউফ আজ জেলা পর্যায়ে এক উজ্জ্বল ও ইতিবাচক নাম। পেশাগত দায়িত্বে নিষ্ঠা, সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান- এই তিন গুণের সমন্বয়ে তিনি নিজেকে একজন মানবিক ও উন্নয়নমুখী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ এবং একই সঙ্গে সামাজিক অগ্রগতিতে প্রত্যক্ষ সম্পৃক্ততা- এই দ্বৈত ভূমিকা তাঁকে সমকালীন প্রজন্মের একজন ব্যতিক্রমধর্মী প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেছে।

তিনি জাতীয় দৈনিক মানবজমিন ও জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ- এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি খাগড়াছড়ি প্রেসক্লাব- এর সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়াও স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত খাগড়াছড়ি ডটকম- এর সম্পাদক ও প্রকাশক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

জন্ম ও শিক্ষা জীবন: মো. আবদুর রউফ ১৯৯৩ সালের ২৫ মার্চ খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর গ্রামে পৈতৃক ভিটায় জন্মগ্রহণ করেন। ১০ ভাইবোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এই তরুণ শিক্ষাজীবন থেকেই সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ২০০৬ সালে বাংলাদেশ স্কাউটস-এ যুক্ত হন এবং ২০০৭ সালে চট্টগ্রামে অনুষ্ঠিতজাতীয় স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেন।

তিনি ২০০৯ সালে হাচিনসনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১১ সালে দীঘিনালা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ২০১৫ সালে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে স্নাতক (ডিগ্রি) সম্পন্ন করেন। বর্তমানে ৩৩ বছর বয়সী এই সাংবাদিক পেশার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে সমানভাবে সম্পৃক্ত রয়েছেন। হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননাও লাভ করেন তিনি। শিক্ষাজীবনের অভিজ্ঞতা তার পেশাগত দক্ষতা ও সামাজিক নেতৃত্বে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সামাজিক ও সাংগঠনিক সম্পৃক্ততা: সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি জেলা প্রশাসনের বাজার দর মনিটরিং জেলা টাস্কফোর্স কমিটির একজন সদস্য তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)- এর খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও সচেতনতায় কাজ করছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- এর খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য এবং খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ- এর সদস্য। একই সঙ্গে নিজ জন্মস্থান পূর্ব হাচিনসনপুর জামে মসজিদ ও সমাজ কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উন্নয়ন কর্মকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা: মো. আবদুর রউফ কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নন; তিনি উন্নয়ন কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে সম্পৃক্ত। তার উদ্যোগ ও সমন্বয় প্রচেষ্টায় দীঘিনালা উপজেলার উত্তর হাচিনসনপুর এলাকায় নদীর পাড় ভাঙন রোধে প্রায় ৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মানোন্নয়ন, পূর্ব হাচিনসনপুর জামে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন, হালিমিয়া মাদ্রাসার কবরস্থান সংস্কার, কবাখালী মুসলিম পাড়ায় ১১ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার স্থাপন, নিজ এলাকায় বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ, পাকা রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং শিক্ষা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।

আলোচিত উন্নয়নমুখী ব্যক্তিত্ব: সহকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনগণের অভিমত অনুযায়ী, মো. আবদুর রউফ একজন দায়িত্বশীল, পরিশ্রমী ও নীতিনিষ্ঠ সাংবাদিক। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় সম্পৃক্ততা তাঁকে জনআস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সততা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে উপজেলা ও জেলাজুড়ে একজন মানবিক ও উন্নয়নমুখী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি দিয়েছে।

সাংবাদিকতা ও সমাজসেবাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে তিনি প্রমাণ করেছেন- গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; বরং এটি সমাজ পরিবর্তনের একটি কার্যকর শক্তি। পেশাগত দক্ষতা, নৈতিক উন্নয়ন ভাবনার সমন্বয়ে মো. আবদুর রউফ আজ খাগড়াছড়ি তথা জাতীয় অঙ্গনে এক সম্ভাবনাময় ও ইতিবাচক মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]