ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু হত্যা মামলায় আরও এক গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ বাবলু মিয়া (২৪)। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন কারখানার গেটে লোক জড়ো করে জনতাকে উত্তেজিত করার ক্ষেত্রে তিনি ‘মূল হোতা’ হিসেবে কাজ করেছিলেন।
ডিবি পুলিশ জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাবলুকে গ্রেফতার করা হয়। তিনি ঐ এলাকার সাইফুল ইসলামের ছেলে। ডিবির তদন্তে উঠে আসা তথ্যে জানা যায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় এই হত্যাকাণ্ডে বাবলুর সম্পৃক্ততা পাওয়া যায়। ঘটনার দিন তিনি সর্বপ্রথম ফ্যাক্টরির গেটে লোক সমবেত করে স্লোগান দিয়ে জনতাকে উত্তেজিত করেন। পরবর্তীতে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর করে হত্যা এবং মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে নিয়ে যাওয়াসহ মরদেহের ওপর অমানবিক নির্যাতনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন।
পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এখন পর্যন্ত সর্বমোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি ইতিপূর্বে বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলার বাকি পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর