ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর জেলা কমিটির যুগ্ম-সদস্য সচিব হায়দার মোল্যা (২৭) পদত্যাগ করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি লিখিত পদত্যাগপত্র জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের কাছে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে হায়দার মোল্যা জানান, ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণে তিনি স্বেচ্ছায় এবং সুস্থ চিন্তাভাবনার ভিত্তিতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “আমি হায়দার মোল্যা, ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম-সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।” পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি ব্যক্তিগতভাবে যোগাযোগ না করার অনুরোধও জানিয়েছেন তিনি। তার এ ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, “হায়দার মোল্যার পদত্যাগপত্রের কপি আমি পেয়েছি। এটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও বলেন, “গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তি তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারে। কেউ চাইলে দল ছাড়তে পারে বা অন্য কোনো রাজনৈতিক ধারায় যুক্ত হতে পারে। এটি গণতান্ত্রিক সংস্কৃতিরই অংশ।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের মধ্যে এ ধরনের পদত্যাগ দলীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে হায়দার মোল্যার পদত্যাগের পেছনে কেবল ব্যক্তিগত কারণই রয়েছে, নাকি অন্য কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কারণ রয়েছে—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চললেও দলীয়ভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর