পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী নৈশ কোচের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বড়বন্দর দেবীগঞ্জ-নীলফামারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত হয়েছেন স্বামী আজাদ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন মমতাজ (৩৫) এবং তাঁর পাঁচ বছরের মেয়ে মুনতাহা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজাদ তাঁর শ্বশুরবাড়ি সোনাহার এলাকায় ইফতার শেষে স্ত্রী ও মেয়েকে মোটরসাইকেলে নিয়ে সোনাহার থেকে দেবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে ভাউলাগঞ্জ থেকে নাদের পরিবহন নামে নৈশ কোচটি নীলফামারী হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বড়বন্দর এলাকায় মোটরসাইকেল ও নাদের পরিবহন কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা মমতাজ (৩৫) এবং তাঁর পাঁচ বছরের শিশু মুনতাহা নিহত হন।
এ সময় গুরুতর আহত হন আজাদ। পরে পথচারী ও প্রত্যক্ষদর্শীরা তিনজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতাজ এবং শিশু মুনতাহাকে মৃত ঘোষণা করেন। দেবীগঞ্জ থানার ওসি কে এম মনিরুজ্জামান জানান, নৈশ কোচ এবং মোটরসাইকেলের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নৈশ কোচ জব্দ করেছে এবং চালক মাহাবুল (৪৫) কে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর