সুনামগঞ্জের তাহিরপুরে অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি পদে পুনরায় করুণা সিন্ধু চৌধুরী বাবুল এবং সাধারণ সম্পাদক পদে কানন বন্ধু রায়কে মনোনীত করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামে অদ্বৈত জন্মধাম পণতীর্থ মন্দিরে এই কমিটি গঠিত হয়। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এই কমিটি ঘোষণা করেন। এর মধ্য দিয়ে অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে।
এর আগে, অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি নিয়ে বিবাদমান দুটি পক্ষসহ বিভিন্ন এলাকা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং শেখর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষও বক্তব্য রাখেন। এ সময় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় ও বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান, সংসদ সদস্যের প্রস্তাবে এবং সবার সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান যে, অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি বলেন, “আমি এই মন্দিরের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাব। আগেও করেছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। আমি দিতে এসেছি, নিতে নয়, তাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মন্দিরের উন্নয়নই আমার লক্ষ্য, সেই লক্ষ্যে এগিয়ে যাব।”
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “আমি এই এলাকার সন্তান। আমি সব সময় হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষের পাশে আছি এবং আগামীতেও থাকব। মন্দিরের উন্নয়ন কাজ চলমান রয়েছে, তা সুন্দরভাবে সম্পন্ন হয় তা কঠোর নজরদারির মধ্যে রাখা হবে। মন্দির উপসনার জায়গা, এখানে কোনো বিরোধ রাখা যাবে না, তাই একটি সমস্যা ছিল তা সবাইকে নিয়ে মিটিয়ে দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছি, সবাই তাতে ঐকমত্য পোষণ করেছে। আশা করছি আর কোনো বিরোধ সৃষ্টি হবে না।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর