ঢাকার ধামরাইয়ে ইটভর্তি ট্রাকচাপায় মাহিম হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ধামরাইয়ের সুতিপাড়া-নান্নার সড়কের ধাইরা আশাবোন মডেল একাডেমি স্কুল সংলগ্ন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম হোসেন ধামরাই উপজেলার ধাইরা গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে। সে আশাবোন মডেল একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে হেঁটে স্কুলে যাচ্ছিল মাহিম। ব্রিজের ওপর পৌঁছালে ইটভর্তি একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন পালিয়ে যাওয়া ট্রাকচালকের গ্রেপ্তারের দাবিতে সুতিপাড়া-নান্নার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এবিষয়ে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর