কুমিল্লার বুড়িচং উপজেলায় ডা. নজরুল ইসলাম শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে চার শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকায় বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ময়নামতি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. মো. নজরুল ইসলাম শাহীন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. নজরুল ইসলাম শাহীন বলেন, ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে পবিত্র রমজান মাসের রোজা। এ মাস আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। সিয়াম সাধনার পাশাপাশি সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। গরিব ও এতিমদের হক আদায় করা আমাদের ঈমানি দায়িত্ব।এই রমজানে সামর্থ্যবান ব্যক্তিরা মানবতার সেবায় এগিয়ে আসুন।
তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। আমরা নিয়মিতভাবে স্কুল-কলেজের গরিব শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহনসহ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি নির্বাহী সদস্য আবু নাছের ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহমেদ লাভলু, সমাজকল্যাণ কর্মকর্তা আবুল কাশেম, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মেম্বার, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কৃষকদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ইতালি প্রবাসী সারওয়ার আহমেদ চৌধুরী, ফাউন্ডেশনের সদস্য জামাল খান, যুবদলের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের সদস্য ডা. মো. খাজা মিয়া, ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল মিয়া ও সৈয়দ জিলানী, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মামুন ও সাধারণ সম্পাদক রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিশাদসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর