কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ২০১৮ সালের ১৬ অক্টোবর সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ছয় নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান আহম্মদ এ রায় ঘোষণা করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন খালাসপ্রাপ্ত আসামি এডভোকেট শাহআলম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৬ অক্টোবর রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের রাণীর বাংলো সড়কে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে অজ্ঞাত ব্যক্তিরা বিস্ফোরণ ঘটায়। পরদিন ১৭ অক্টোবর স্থানীয়ভাবে খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ময়নামতি ইউনিয়নের সমেষপুর গ্রামের ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন ও উপজেলা যুবদলের সদস্য গাজী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় সন্দেহভাজন হিসেবে ময়নামতির নামতলা গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সালাহ উদ্দিন, ফরিজপুর গ্রামের বিএনপি নেতা আনোয়ার হোসেন, শাহ দৌলতপুর গ্রামের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহ জাহান এবং মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের বিএনপি নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামিরা বিভিন্ন সময় কারাগারে আটক থাকার পর জামিনে মুক্তি পান এবং দীর্ঘদিন আদালতে হাজিরা দেন। দুই পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে বিচারক জি আর ৩৪২/১৮, বুড়িচং থানার মামলা নং-২০ এবং স্পেশাল নং-১৮২/১৯ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তারা সন্তোষ প্রকাশ করেন। মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর