বগুড়ার দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া গ্রামের ধানখেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মোজাম উদ্দিন শাহ (৫৫)। তিনি উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোজাম উদ্দিনের ভাই হাফিজার রহমান জানান, প্রতিদিন বিকেলে মোজাম উদ্দিন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন এবং ভোরে বাড়ি ফেরেন। বুধবার ভোরে বাড়ি না ফেরায় তার মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়৷ পরে খোঁজাখুঁজি করে গ্রামের ধানখেতে লাশ পাওয়া যায়।
দুপচাঁচিয়া থানার ওসি বলেন, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর ভ্যানও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাই করে তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে।
দুপচাঁচিয়া থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর