হবিগঞ্জ-১ নবীগঞ্জ (বাহুবল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ-বাহুবলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামো উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হলরুমে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, সাদিকুর রহমান শিশু, নাদিম আহমেদ সুমন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এস আর চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময়কালে ড. রেজা কিবরিয়া বলেন, নবীগঞ্জ হাসপাতালে নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে। সেখানে ২৪ ঘণ্টা আনসার ও কমপক্ষে ১ জন পুলিশ সদস্যকে সার্বক্ষণিক ডিউটি করার নির্দেশনা দেন। এতে কর্মরত ডাক্তার, নার্সরা নিরাপদে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে পারবেন।
তিনি আরও বলেন, এক্স-রে মেশিন আছে, টেকনিশিয়ান নেই, হাসপাতালে অনেক সমস্যা পরিলক্ষিত হয়েছে। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নদীর উপর বাঁশের সাঁকো নিয়ে কথা বলেন। তিনি উপজেলা প্রকৌশলীকে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন রাস্তাঘাটের চিত্র, বাঁশের সাঁকোর স্থলে ব্রিজ নির্মাণের পরিকল্পনা তৈরি করে দেওয়ার জন্য নির্দেশ দেন। উপজেলার সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করবেন বলেও তিনি জানান।
নবনির্বাচিত এমপি ড. রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশের সকল নাগরিকদের সমান দৃষ্টিতে সেবা দিতে হবে। কোনো অন্যায়কারীদের কাছে মাথা নত করবেন না। অন্যায়কারী যেই হোক তাকে প্রশ্রয় দেওয়া হবে না। এর আগে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ড. রেজা কিবরিয়া। এ সময় প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদসহ ডাক্তার-নার্সগণ নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর