দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে সারাদেশের মতো কক্সবাজার জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্ব দেখালেও আলাদা করে নজর কেড়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো. সোয়াইব তাসাউফ আলীন।
প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় সে অর্জন করেছে ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি। ফল প্রকাশের পর বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকেই পরিবারের সদস্য, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের রেশ ছড়িয়ে পড়ে।
আলীন সদরের খরুলিয়ার আলোকযাত্রার অগ্রদূত- শিক্ষাবিদ মনির আহমদের ভাইপো এবং সৌদি প্রবাসী জসিম উদ্দিন সওদাগরের ছেলে। এর আগে পঞ্চম শ্রেণিতেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল সে।
ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা জসিম উদ্দিন বলেন, প্রবাসে থাকি, কিন্তু মন পড়ে থাকে সন্তানের পড়াশোনায়। ছোটবেলা থেকেই তাকে শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হতে শিখিয়েছি। আজকের এই অর্জন আমাদের স্বপ্নকে আরও বড় করেছে। আমি চাই, সে যেন জ্ঞানে-গুণে মানুষ হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করে।
আলীনের শ্রেণিশিক্ষক শাকের উল্লাহ বলেন, সে খুব মনোযোগী ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। ক্লাসে যেমন নিয়মিত, তেমনি পড়াশোনার বাইরে তার জানার আগ্রহও অনেক বেশি। আমরা লক্ষ্য করেছি, সে শুধু পরীক্ষার জন্য পড়ে না, বিষয়টি বোঝার চেষ্টা করে। তার এই কৌতূহল ও শৃঙ্খলাই তাকে ট্যালেন্টপুল বৃত্তি অর্জনে সহায়তা করেছে। ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।
খরুলিয়া চেয়ারম্যান পাড়ার বাসিন্দারা বলেন, আমাদের এলাকা থেকে এমন সাফল্য সত্যিই গর্বের। আলীন ছোটবেলা থেকেই ভদ্র ও মেধাবী ছেলে হিসেবে পরিচিত। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং চাই, সে একদিন এলাকার মুখ আরও উজ্জ্বল করুক।
পরিবারের আশা, আলীনের এই সাফল্য ভবিষ্যতের পথচলায় নতুন আত্মবিশ্বাস জোগাবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর